
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকায় ত্রুটি দেখা দেওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে। এ ঘটনায় উড়োজাহাজে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন। জরুরি অবতরণের প্রস্তুতির জন্য বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়।
বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, ফ্লাইট বিজি-৪৩৬ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের পরপরই একটি চাকায় ত্রুটি ধরা পড়ে। পরে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান।
অবতরণের আগে উড়োজাহাজের জ্বালানি কমিয়ে ওজন হ্রাস করতে পাইলটকে আকাশে কয়েকবার চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে চক্কর দেয়।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকায় এ সময়ে অন্যান্য উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ স্থগিত ছিল। পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। এ ঘটনায় কেউ আহত হননি।